নরসিংদী প্রতিনিধি: জাহিদুর রহমান
নরসিংদীর বেলাবো উপজেলায় ঘনঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় শিশু ও বয়স্করা সবচেয়ে বেশি কষ্টে রয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত কয়েকদিন ধরে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। কখন বিদ্যুৎ থাকবে আর কখন থাকবে না—এ নিয়ে কোনো নির্দিষ্ট সময়সূচি নেই। “কারেন্ট এই আছে তো এই নেই”—এমন অবস্থার কারণে দৈনন্দিন জীবনযাপন হয়ে উঠেছে অনিশ্চিত ও দুর্বিষহ।
ব্যবসা প্রতিষ্ঠানগুলোও পড়েছে বিপাকে। বিদ্যুৎ না থাকায় দোকানপাটে কার্যক্রম ব্যাহত হচ্ছে, নষ্ট হচ্ছে পণ্য। শিক্ষার্থীরাও পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না, বিশেষ করে রাতের বেলায় বিদ্যুৎ না থাকায় তৈরি হচ্ছে বড় ধরনের সমস্যা।
অনেকেই জানিয়েছেন, এমন লোডশেডিং তারা আগে খুব কমই দেখেছেন। বিদ্যুতের এই অনিয়মিত সরবরাহে মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে দিন দিন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। নিয়মিত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা না গেলে জনজীবনের এই ভোগান্তি আরও বেড়ে যাবে বলে আশঙ্কা করছেন।