মোঃ জিয়াউর রহমান
মফস্বল সম্পাদক রংপুর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহবান জানিয়ে বলেছেন, কোনো ধর্ম বা সম্প্রদায়কে টার্গেট করে সহিংসতা, হামলা কিংবা ক্ষতিসাধনের চেষ্টা কখনোই গ্রহণযোগ্য নয়। তিনি সকলকে ধৈর্য, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহবান জানান।
এক বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ বহু ধর্ম ও সংস্কৃতির মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের দেশ। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকল ধর্মাবলম্বী নাগরিকের সমান অধিকার রয়েছে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি ধর্মীয় উসকানি দিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করে, তবে তা দেশের শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।
ভারতের সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর নানা ঘটনার প্রভাব অনেক সময় বাংলাদেশেও ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। তাই কোনো উসকানি বা আন্তর্জাতিক ইস্যুকে কেন্দ্র করে দেশের অভ্যন্তরে সংখ্যালঘু বা ভিন্ন ধর্মাবলম্বীদের বিরুদ্ধে বিদ্বেষমূলক আচরণ করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। তিনি বলেন, কোনো অন্যায়ের প্রতিবাদ হতে পারে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে, কিন্তু নিরীহ মানুষ বা ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষতি করা কখনোই সমর্থনযোগ্য নয়।
তিনি আরও বলেন, ধর্মকে কেন্দ্র করে বিভেদ নয়, বরং পারস্পরিক সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করাই হওয়া উচিত সবার লক্ষ্য। আইন নিজের হাতে তুলে না নিয়ে যেকোনো সমস্যার সমাধানে আইনশৃঙ্খলা বাহিনী ও রাষ্ট্রের প্রতি আস্থা রাখারও আহবান জানান তিনি।
জামায়াত আমির বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক বক্তব্য থেকে সবাইকে সতর্ক থাকতে হবে। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, অসত্য তথ্য সমাজে বিভ্রান্তি ও সংঘাত সৃষ্টি করতে পারে।
দেশের শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা রক্ষায় সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সাধারণ জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান ডা. শফিকুর রহমান।