মোঃ রিফাত হোসেন ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাটে গ্রামীণ নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল করে তোলার লক্ষ্যে মাসব্যাপী কারিগরি প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে। মদিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে "গ্রামীণ নারী দক্ষতা ও স্বাবলম্বীকরণ কর্মসূচি"-এর আওতায় এই সেলাই ও কম্পিউটার প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।
গত ২০ মে ২০২৬ ইং তারিখ রোজ বুধবার সকাল ১০:০০ ঘটিকায় ঘোড়াঘাটের বারপাইকেরগড় গ্রামে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে মদিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মুফতি মনোয়ার হোসেন-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মোছাঃ রুবানা তানজিল।
এ সময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ সাজ্জাদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, "বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নারীদের অবদানের বিকল্প নেই। গ্রামীণ নারীদের সেলাই ও কম্পিউটারে দক্ষ করে তুলতে পারলে তারা ঘরে বসেই নিজেদের ভাগ্য বদলাতে পারবে। মদিনা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।"
সভাপতির বক্তব্যে মুফতি মনোয়ার হোসেন বলেন, "অসহায় ও পিছিয়ে পড়া গ্রামীণ নারীদের স্বাবলম্বী করাই আমাদের মূল লক্ষ্য। এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় নারী জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে আমরা বিশ্বাস করি।"
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক এবং বিপুল সংখ্যক প্রশিক্ষণার্থী নারী উপস্থিত ছিলেন।