মোঃ জিয়াউর রহমান
মফস্বল সম্পাদক রংপুর
লালমনিরহাট ও দিনাজপুর জেলায় র্যাব -১৩ এর পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে ২৯৬ বোতল এস্কাফ ও ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
র্যাব-১৩ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের তালুক দুলালী এলাকায় একটি বাড়ির পেছন থেকে ২৯৬ বোতল এস্কাফ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জয়নাল আবেদীন (৩০) ও জব্বার আলী (২৯) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের উভয়ের বাড়ি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার তালুক দুলালী গ্রামে।
অন্যদিকে, একই দিন রাতে দিনাজপুর জেলার বিরল উপজেলায় পৃথক আরেকটি অভিযানে শংকরপুর গ্রামে একটি বাড়ি থেকে ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মকলেছুর রহমান (৪৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মাদকসহ তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ আরও জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের অভিযান অব্যাহত থাকবে।