কে এম. ইয়ামিন আহমেদ | মহিপুর থানা প্রতিনিধি
পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের মহিপুর থানা সংলগ্ন তেলের পাম্পের সামনে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। মোটরসাইকেল ও যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তাদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ (শনিবার) কুয়াকাটাগামী একটি দ্রুতগতির মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি প্রচণ্ড সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে, মোটরসাইকেল ও অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর আরোহীরা মহাসড়কের ওপর ছিটকে পড়েন।
মোটরসাইকেলটির গতি অনেক বেশি ছিল। চোখের পলকে অটোরিকশাটির সাথে এটির মুখোমুখি ধাক্কা লাগে। বিকট শব্দের পর আমরা ছুটে এসে দেখি মহাসড়কে রক্তাক্ত অবস্থায় তিনজন পড়ে আছেন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা ও মহিপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, আহতদের শরীরে গুরুতর জখম রয়েছে এবং তাদের অবস্থা বর্তমানে অত্যন্ত আশঙ্কাজনক।
মহিপুর থানা পুলিশ দুর্ঘটনা কবলিত যান দুটি রাস্তা থেকে সরিয়ে নিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে। গতিবেগের অসতর্কতার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।