– মুহাম্মদ মাসুম বিল্লাহ
একটি নাম উচ্চারণ করলেই
বুকের ভেতর ভারী হয়ে আসে বাতাস—
ওসমান হাদী।
এ নাম আজ আর কেবল একটি মানুষ নয়,
এ নাম আজ ভালোবাসা
এ নাম আজ বিবেক।
তুমি হাঁটছিলে সবার মতোই,
কিন্তু মাথার ভেতর ছিল আলোর মানচিত্র।
অন্যায় দেখলে
চুপ করে থাকার শিক্ষা
তুমি কখনো নাওনি।
রাজপথ জানে তোমার পায়ের শব্দ,
দেয়াল জানে তোমার কণ্ঠের তীব্রতা।
ভয়ের চোখে চোখ রেখে
তুমি বলেছিলে—
এই দেশ নীরব থাকবে না।
তোমার রক্ত যখন মাটিতে পড়ল,
মাটি কেঁপে উঠল ব্যথায়।
আকাশ নেমে এলো মানুষের সমান নিচে,
আর আমরা বুঝে গেলাম—
শহীদ হওয়া মানে হারিয়ে যাওয়া নয়।
তুমি নেই—
এই বাক্যটা মিথ্যা লাগে।
কারণ তুমি আছো
প্রতিটি প্রতিবাদী শ্বাসে,
প্রতিটি মাথা উঁচু করে দাঁড়ানোর ভেতর।
যারা ভয় দেখাতে চায়,
তারা তোমার নাম শুনে থমকে যায়।
কারণ শহীদের মৃত্যু
সবচেয়ে বড় সাহসের জন্ম দেয়।
হাদী,
তোমার অনুপস্থিতি আমাদের পোড়ায়,
কিন্তু তোমার আদর্শ
আমাদের দাঁড় করিয়ে রাখে।
ইতিহাস একদিন থামবে,
পাতা উল্টাবে ধীরে ধীরে,
আর লিখবে স্পষ্ট অক্ষরে—
একজন ওসমান হাদী
মৃত্যুকে হারিয়ে
মানুষ হয়ে বেঁচে রইল।
স্থান : রবীন্দ্র সরণি, উত্তরা, ঢাকা
১৯ ডিসেম্বর ২০২৫