অনলাইন ডেস্কঃ
ঢাকার কেরানীগঞ্জ থেকে কলমের আদলে তৈরি ‘পেনগান’ নামের একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৮ এপ্রিল) লালবাগ গোয়েন্দা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার এ অস্ত্র উদ্ধারের তথ্য নিশ্চিত করেন।
মো. মোস্তাক সরকার সাংবাদিকদের বলেন, গত ৩ এপ্রিল পুরান ঢাকার তাঁতীবাজারে যুবদল নেতা রাসেল (৩১)-কে গুলির ঘটনায় ৩ এপ্রিল একটি মামলা করা হয়। এরপর আমরা ছায়াতদন্ত শুরু করি। আসামিরা রাসেলের পরিচিত হওয়ায় তাদের শনাক্ত করতে তেমন সমস্যা হয়নি। ভুক্তভোগী জানিয়েছেন, কলমের মতো দেখতে একটি অস্ত্র তার বুকে ঠেকিয়ে গুলি করা হয়।
এ ঘটনায় কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার সোহেলের কাছ থেকে ‘পেনগান’টি উদ্ধার করা হয়। অস্ত্রটি দেখতে অবিকল একটি কলমের মতো।
মোস্তাক সরকার জানান, অস্ত্রটি কীভাবে দেশে এসেছে এবং কারা এর সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। এ অস্ত্র সরবরাহ চক্র শনাক্তেরও চেষ্টা চলছে। পাশাপাশি দেশের অন্য কোথাও এ ধরনের অস্ত্র ব্যবহার হচ্ছে কি না, তাও তদন্ত করা হচ্ছে।
ডিবি জানায়, দুর্বৃত্তরা রাসেলকে লক্ষ্য করে গুলি চালালে একটি গুলি তার বুকের বাঁ পাশে লাগে। আহত রাসেল কোতোয়ালি থানা যুবদলের সদস্য। এ ঘটনায় চারজনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় হত্যাচেষ্টা মামলা করা হয়েছে।
পুলিশ আরও জানায়, রাসেলকে গুলির ঘটনায় জড়িত সায়মন ও সোহেল ওরফে কাল্লু নামের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, ‘পেনগান’টি প্রায় ৮০ হাজার টাকায় সংগ্রহ করা হয়েছিল।