অনলাইন ডেস্কঃ
পবিত্র ঈদুল আজহাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা এলভিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে ব্যতিক্রমী আয়োজনের মাধ্যমে বিদায় জানিয়েছে রাবেয়া অ্যাগ্রো ফার্ম কর্তৃপক্ষ।
সোমবার বিকেলে রাজধানীর জিনজিরা এলাকার ক্রেতা সামির মহিষটি নিতে খামারে এলে সেখানে আয়োজন করা হয় বিশেষ বিদায়ী অনুষ্ঠান। গোসল করিয়ে রাজকীয় সাজে প্রস্তুত করা হয় ভাইরাল মহিষটিকে। পরে রঙিন স্মোক ও উৎসবমুখর পরিবেশের মধ্যে লাল গালিচায় হাঁটিয়ে বিদায় জানানো হয় তাকে।
খামার মালিক জিয়াউদ্দিন মৃধা জানান, মহিষটির চুল ও চোখের গঠনের সঙ্গে Donald Trump-এর মিল থাকায় মজা করে এই নাম রাখা হয়েছিল। পরে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় মহিষটি
তিনি বলেন, কোরবানির পশুর ব্যতিক্রমী নামকরণ এখন এক ধরনের সাংস্কৃতিক প্রবণতায় পরিণত হয়েছে। সামাজিক মাধ্যমে আকর্ষণীয় নাম দ্রুত মানুষের নজর কাড়ে এবং সেটিই পরে প্রচারের বড় মাধ্যম হয়ে ওঠে।
খামারের কর্মচারীরা জানান, প্রতিদিন অসংখ্য মানুষ শুধু ‘ডোনাল্ড ট্রাম্প’কে এক নজর দেখতে খামারে ভিড় করতেন। কেউ সেলফি তুলতেন, কেউ ভিডিও বানাতেন। শান্ত স্বভাবের কারণে শিশুদের কাছেও মহিষটি ছিল বেশ জনপ্রিয়।
প্রায় ৭০০ কেজি ওজনের এই মহিষটি আগেই কেজিপ্রতি ৫৫০ টাকা দরে কিনে নেন জিনজিরার বাসিন্দা সামির। পরে এটি ভাইরাল হয়ে গেলে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ খামারে এসে মহিষটি দেখতে শুরু করেন।
ক্রেতা সামির জানান, প্রথমে সাধারণভাবেই মহিষটি কিনেছিলেন। কিন্তু পরে এটি সামাজিক মাধ্যমে আলোচনায় আসায় এখন তাদের এলাকাতেও মানুষ আগ্রহ নিয়ে অপেক্ষা করছে মহিষটিকে দেখার জন্য।
খামার কর্তৃপক্ষের ভাষ্য, শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক গণমাধ্যমেও আলোচনায় আসে এই ভাইরাল মহিষ। ফলে “ডোনাল্ড ট্রাম্প” এখন কেবল একটি কোরবানির পশুর নাম নয়, বরং সামাজিক যোগাযোগমাধ্যমনির্ভর আধুনিক প্রচারণারও একটি আলোচিত উদাহরণ হয়ে উঠেছে।