মোঃ জিয়াউর রহমান
প্রধান মফস্বল সম্পাদক
সামাজিক ও মানবিক কার্যক্রমে অগ্রণী সংগঠন বেগম রোকেয়া যুব ব্লাড ডোনার ও দারিদ্র্য ফাউন্ডেশন-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সফলভাবে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সদস্য, স্বেচ্ছাসেবক, সমাজসেবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও প্রভাষক মোঃ শফিকুল ইসলাম (শফি), বৈরাগীগঞ্জ বাজার। তিনি তার বক্তব্যে বলেন, রক্তদান ও দারিদ্র্য বিমোচনে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তিনি সংগঠনের মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক ও উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ। তাঁদের মধ্যে ছিলেন মোঃ বাদশা মেম্বার, মোঃ দুলাল মেম্বার, মোঃ রেজাউল করিম, মোঃ মিজান, ডাঃ মোকাদ্দিস হোসেন মুন্না, মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ আসাদুল ইসলাম, মোঃ আনারুল ইসলাম ও মোঃ বোরহান উদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন সংগঠনের একঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মোঃ নীরব হোসেন, কাইয়ুম হাসান, নাজমুল হাসান ও রাসেল মিয়া। অনুষ্ঠানে সংগঠনের অতীত কার্যক্রমের চিত্র তুলে ধরা হয় এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, দরিদ্র পরিবারের সহায়তা এবং বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। আগামী দিনেও মানবসেবার এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং সংগঠনের সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।