নিজস্ব প্রতিবেদক
উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে এবারও দেশ সেরা ফলাফল অর্জন করেছে নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ।
শনিবার (৩১ অক্টোবর) প্রকাশিত ঢাকা শিক্ষা বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটি থেকে অংশ নেওয়া ১৫৫২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৫৫১ জন।এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫৬১ জন শিক্ষার্থী। শতকরা পাসের হার ৯৯ দশমিক ৯৪ শতাংশ।
কলেজে সূত্রে জানা গেছে, এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ১৫৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। একজন শিক্ষার্থী পরীক্ষা চলাকালে ৭টি পরীক্ষায় অংশগ্রহণ করার পর অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তী পরীক্ষাগুলোতে অংশ নিতে না পারায় একজন অকৃতকার্য হয়েছেন। এবছর জিপিএ ৫ পেয়েছে ৫৬১ জন।
এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১০৫৮ জন অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৩৯৪ জন। ব্যবসায় শিক্ষা শাখা থেকে ১৮০ জন অংশ নিয়ে শতভাগ পাসসহ জিপিএ ৫ পেয়েছেন ৬৯ জন এবং মানবিক শাখা থেকে ৩১১ জন অংশ নিয়ে শতভাগ পাসসহ জিপিএ-৫ পেয়েছেন ৯৮ জন।
বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বিথী রায় বলেন, যখন রেজাল্ট প্রকাশ হবে শুনেছি, তখন থেকেই মনে একটা ভয় কাজ শুরু করে। তবে বিশ্বাস ছিল, আমিসহ আমার সহপাঠীরা ভালো ফলাফল অর্জন করব। তবে এ ফলাফলের পেছনে আমাদের শিক্ষক, অভিভাবকদের সার্বক্ষণিক মনিটরিং ও অক্লান্ত পরিশ্রমের ফল। কলেজের অধ্যক্ষ হেরেম উল্লাহ আহসান বলেন, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। আমাদের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবদুল কাদির মোল্লার সরাসরি নির্দেশনায় নিয়মিত ক্লাস, বিশেষ ক্লাস, হোম ভিজিট, টিউটেরিয়াল, মাসিক পরীক্ষা, গাইড টিচারের মাধ্যমে সার্বক্ষণিক তত্ত্বাবধানসহ শিক্ষার্থীদের পাশাপাশি আমরা কঠোর পরিশ্রম করেছি। একজন শিক্ষার্থী পরীক্ষা চলাকালে অসুস্থ হয়ে পরীক্ষায় অংশ নিতে না পারায় একজন অকৃতকার্য হয়েছে। যার কারণে শতভাগ পাস থেকে বঞ্চিত হয়েছি। কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি আবদুল কাদির মোল্লা বলেন, প্রথমেই আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। এটি নরসিংদীবাসীর অর্জন। সকলের কাছে দোয়া প্রার্থনা করছেন তিনি।