সায়েম আলী
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ীহাট সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সাব-রেজিস্ট্রার মনীষা রায়ের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনার আয়োজন করেছেন ওই কার্যালয়ের সকল দলিল লেখক। তাঁর বদলির খবরে সহকর্মী ও দলিল লেখকদের মধ্যে বিদায়ের আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) লাহিড়ীহাট সাব-রেজিস্ট্রার কার্যালয় প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে লাহিড়ীহাট দলিল লেখক সমিতির সভাপতি মোঃ তাজিমুল হক ও সাধারণ সম্পাদক মোঃ পজির উদ্দীনসহ সমিতির অন্যান্য সদস্য ও দলিল লেখকরা উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা বিদায়ী সাব-রেজিস্ট্রার মনীষা রায়কে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানান।
অনুষ্ঠানে বক্তব্য দেন দলিল লেখক সমিতির সভাপতি মোঃ তাজিমুল হক। তিনি বলেন, কর্মজীবনে একজন কর্মকর্তার সততা, নিষ্ঠা, দায়িত্ববোধ ও আন্তরিকতা তাঁকে সবার কাছে স্মরণীয় করে রাখে। মনীষা রায় তাঁর কর্মকালীন সময়ে সংশ্লিষ্ট সবার সঙ্গে যে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন, তা দলিল লেখকদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।