মোঃ ইবনে আলী সরকার স্টাফ রিপোর্টার নিলফামারী
সৈয়দপুরে আন্তর্জাতিক বিমানবন্দর বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। রোববার (২৪ মে) দুপুরে সৈয়দপুর প্রেসক্লাবের সামনে “সচেতন জনতা সৈয়দপুর”-এর ব্যানারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, উত্তরবঙ্গের যোগাযোগ ও অর্থনৈতিক সম্ভাবনার কেন্দ্র হিসেবে সৈয়দপুর বিমানবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ। বহু আগে আন্তর্জাতিককরণের ঘোষণা এলেও এখনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় সাধারণ মানুষের মাঝে হতাশা তৈরি হয়েছে। দ্রুত এই প্রকল্প বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।
কর্মসূচিতে বক্তব্য দেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার শাহিন, পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব রশিদুল হক সরকার, প্রভাষক শিউলি বেগম, সাংবাদিক সাহাবাজ উদ্দিন সবুজ, স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে সৈয়দপুরের উপদেষ্টা লিপটন, যুব নেতা তারিকুল ইসলাম, রেলওয়ে শ্রমিক ইউনিয়নের নেতা আখতারুল ইসলাম, ব্যবসায়ী সমসের উদ্দিন, দুলাল হোসেন, আকরাম সিদ্দিকী, জমির মালিক আল আমিন ও আব্দুল্লাহ আল মামুন, যুব আন্দোলনের সভাপতি সাব্বির হোসেন এবং সচেতন যুব সমাজের সদস্য সচিব পিয়ারুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক গোলাম রব্বানী। সঞ্চালনা করেন যুব নেতা সুলতান। এসময় আরও উপস্থিত ছিলেন রবিউল ইসলাম রবি, ফিরোজ আলম, পারভেজ আলমসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা আরও বলেন, সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক হলে উত্তরাঞ্চলের বাণিজ্য, পর্যটন ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে। তারা বলেন, অন্য জেলায় বিমানবন্দর নির্মাণের বিরোধিতা নয়, বরং সম্ভাবনা ও অবকাঠামোগত দিক বিবেচনায় সৈয়দপুরকে অগ্রাধিকার দেওয়ার দাবি জানাচ্ছেন তারা।
দাবি আদায়ে প্রয়োজন হলে আরও বড় কর্মসূচি ঘোষণা করা হবে বলেও মানববন্ধন থেকে জানানো হয়।