— সেলিনা সাথী
নিশির বুকে চাঁদের আলো
নীরবতায় ভাসে,
অব্যক্ত কিছু কথার মালা
মনেই শুধু হাসে।
জোনাকিরা জ্বলে নিভে
আঁধার রাতের কোলে,
হারিয়ে যাওয়া স্বপ্নগুলো
ফিরে আসে দোলে।
জানালাতে কুয়াশা নামে,
শীতল হাওয়ার ছোঁয়া,
তোমার স্মৃতির নরম ছায়া
দেয় হৃদয়ে ধোঁয়া।
দূর আকাশে তারা গোনে
অবুঝ দুটি চোখ,
বুকের ভেতর জমে থাকা
অভিমানী শোক।
নদীর জলে চাঁদের ছবি
কাঁপে ঢেউয়ের তালে,
আমার ভেতর কাঁদে কেউ এক
তোমায় না পাওয়ার কালে।
রাতের বুকে নাম না জানা
কত যে ব্যথার সুর,
তোমার নামে লিখে যাই আমি
গোপন প্রেমের নূর।
ঘুম আসে না, চোখের পাতে
স্বপ্ন কেবল জাগে,
তোমার ছোঁয়া হারিয়ে গিয়ে
শূন্যতা শুধু লাগে।
নিশি যখন গভীর হয় আর
নিস্তব্ধ চারিধার,
তোমার কথা মনে পড়লে
হৃদয়টা হয় ভার।
চাঁদ যদি আর ডুবে গিয়ে
ভোরের রোদে মেশে,
আমার লেখা “নিশি কাব্য”
তোমার মনেই রেশে।
——————————
১৪ মার্চ ২০২৬
সময় রাত ২:৩০
কবিতা কুটির -নীলফামারী।