তালাত মাহামুদ, বিশেষ প্রতিনিধি
নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের বেলতলা এলাকায় অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে পরিচালিত এ অভিযানে আটককৃতরা হলেন আপন দুই ভাই রামিম (২৫) ও পাপন (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি দক্ষিণের ইনচার্জ ইন্সপেক্টর এরশাদ উল্লাহর নেতৃত্বে একটি বিশেষ দল বেলতলা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই মোহাম্মদ আব্দুস সালাম, এসআই শেখ মো. জসিম উদ্দিনসহ ডিবির অন্যান্য সদস্যরা অংশ নেন। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তির দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত রামিম ও পাপন রায়পুরা উপজেলার তুলাতলী এলাকার বাসিন্দা এবং মাসুদ মিয়ার ছেলে। তারা বর্তমানে নরসিংদী সদর উপজেলার রাজারদী এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন বলে জানা গেছে।
জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান জোরদার করার অংশ হিসেবে নিয়মিতভাবে এমন অভিযান পরিচালনা করা হচ্ছে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং মাদক কারবারিদের আইনের আওতায় আনতে জেলা পুলিশ কঠোর অবস্থান গ্রহণ করেছে।
এ বিষয়ে নরসিংদী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি এরশাদ উল্লাহ বলেন, অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় যাচাই-বাছাই কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হবে।
সচেতন মহলের মতে, মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযান যেমন গুরুত্বপূর্ণ, তেমনি পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতাও অপরিহার্য। মাদকের বিস্তার রোধে প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগ সময়ের দাবি।