মোঃ জিয়াউর রহমান
মফস্বল সম্পাদক রংপুর
রংপুরের মিঠাপুকুর উপজেলায় মাদক, ছিনতাই, কিশোর অপরাধ ও অবৈধ ক্যাসিনো কার্যক্রমের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে যুব বিভাগের দায়িত্বশীলদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আশাদুজ্জান শিমুল, সম্মানিত আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, মিঠাপুকুর উপজেলা শাখা।
বৈঠকে তিনি বলেন, সমাজ থেকে মাদক, ছিনতাই ও অনৈতিক কর্মকাণ্ড দূর করতে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সামাজিক সচেতনতা বৃদ্ধি, নৈতিক শিক্ষা প্রসার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অপরাধমুক্ত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় যুব বিভাগের দায়িত্বশীল নেতৃবৃন্দ নিজ নিজ এলাকার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন এবং মাদক ও অপরাধবিরোধী সামাজিক আন্দোলন আরও শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন মতামত প্রদান করেন।
সভায় বক্তারা বলেন, যুবসমাজকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলা, শিক্ষা, সাংস্কৃতিক ও মানবিক কার্যক্রম বৃদ্ধি করা প্রয়োজন। পাশাপাশি পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে অপরাধ প্রবণতা রোধ করা সম্ভব।
বৈঠকে মিঠাপুকুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের যুব বিভাগের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। সভা শেষে মাদক, ছিনতাই ও ক্যাসিনোমুক্ত মিঠাপুকুর গড়ার প্রত্যয়ে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।