এস এম আয়ান চোধুরী দৈনিক বাংলা প্রতিদিন নিউজ এডিটর
ঢাকা: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনলাইন নিউজ পোর্টাল ‘ডিএমপি নিউজ’-এর ওয়েবসাইটে আপত্তিকর রাজনৈতিক বার্তা ও সহিংসতার ছবি প্রদর্শিত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওয়েবসাইটটি সাইবার হামলা বা হ্যাকিংয়ের শিকার হয়েছে কি না, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে ওয়েবসাইটটিতে প্রবেশ করে এমন দৃশ্য দেখা যায়। এ সময় পোর্টালটির স্বাভাবিক সংবাদ কনটেন্টের পরিবর্তে পুলিশের একটি ছবি, সহিংসতার দৃশ্য এবং ‘পুলিশ-তুমি যতই মারো, ৫ আগস্ট কি ভুলতে পার?’ লেখা একটি ছবি প্রদর্শিত হচ্ছিল। পাশাপাশি ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডে মিউজিকও শোনা যায়।
ঘটনার সময় ওয়েবসাইটটির স্বাভাবিক সংবাদ কার্যক্রমের পরিবর্তে এসব রাজনৈতিক বার্তা ও ছবি প্রদর্শিত হওয়ায় সাইটটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে এটি হ্যাকিং, সাইবার হামলা নাকি অন্য কোনো প্রযুক্তিগত সমস্যার কারণে ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার পর ডিএমপি নিউজের ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না বলে জানা গেছে।
ডিএমপি নিউজের ওয়েবসাইটে প্রকাশিত পরিচিতি অনুযায়ী, এটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিজস্ব অনলাইন নিউজ পোর্টাল। এতে ডিএমপির বিভিন্ন কার্যক্রম, অপরাধসংক্রান্ত সংবাদ, জনসচেতনতামূলক তথ্য এবং পুলিশের নানা কর্মকাণ্ডের খবর প্রকাশ করা হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে ডিএমপির মিডিয়া বিভাগের একাধিক কর্মকর্তার সঙ্গে ফোন ও মেসেজের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কারও বক্তব্য পাওয়া যায়নি।
ওয়েবসাইটটি হ্যাক হয়েছে কি না এবং এর পেছনে কারা জড়িত, সে বিষয়ে ডিএমপি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।