মোঃ ইমরান
কলাপাড়া উপজেলা প্রতিনিধি
কলাপাড়া (পটুয়াখালী): পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানাধীন সুধীরপুর এলাকার একটি গুরুত্বপূর্ণ কাঁচা রাস্তা বর্ষাকাল এলেই পরিণত হয় সাক্ষাৎ মরণফাঁদে। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি চরম কর্দমাক্ত ও পিচ্ছিল হয়ে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে। বছরের পর বছর ধরে সংস্কারের অভাবে ছোট নাবালক শিশু থেকে শুরু করে বয়োবৃদ্ধ—সবারই যেন দুর্ভোগের শেষ নেই।
সরেজমিনে গিয়ে জানা যায়, অবহেলিত এই এলাকাটিতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, একটি মসজিদ ও একটি মাদরাসা রয়েছে। প্রতিদিন শত শত শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসল্লিরা এই পথ দিয়েই যাতায়াত করেন। কিন্তু বর্ষা মৌসুমে রাস্তাটির বেহাল দশার কারণে কোমলমতি শিশু শিক্ষার্থী ও বয়স্কদের চরম ভোগান্তিতে পড়তে হয়। কাদার কারণে পা পিছলে প্রায়শই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা, নষ্ট হচ্ছে শিশু শিক্ষার্থীদের স্কুলের পোশাক।
এলাকাবাসী জানান, দীর্ঘ দিন ধরে রাস্তাটির কোনো সংস্কার না হওয়ায় প্রতি বছর বর্ষা এলেই তাদের এই দুর্বিষহ পরিস্থিতির মুখোমুখি হতে হয়। শুধু স্কুল-মাদরাসায় যাওয়াই নয়, জরুরি প্রয়োজনে কোনো অসুস্থ রোগীকে দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও পোহাতে হয় অবর্ণনীয় কষ্ট। যানবাহন তো দূরের কথা, এই রাস্তায় পায়ে হেঁটে চলাই বড় দায়।
স্থানীয় এক বাসিন্দা আক্ষেপ করে বলেন, “এই রাস্তায় হাঁটা তো দূরের কথা, বর্ষায় পা ফেলাই যায় না। আমাদের ছেলে-মেয়েরা ঠিকমতো স্কুল-মাদরাসায় যেতে পারে না, একটু বৃষ্টি হলে বয়স্করা মসজিদে যেতে পারেন না। দীর্ঘদিন ধরে আমরা এই কষ্ট ভোগ করছি, কিন্তু সমাধানের কোনো উদ্যোগ নেই।”
শিক্ষার্থী ও সাধারণ মানুষের এই অবর্ণনীয় দুর্ভোগ লাঘবে দ্রুত এই জনগুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কার বা পাকাকরণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। এ বিষয়ে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ ও সুদৃষ্টি কামনা করেছেন সুধীরপুর এলাকাবাসী।