মোঃ জিয়াউর রহমান প্রধান মফস্বল সম্পাদক দৈনিক বাংলা প্রতিদিন
আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করতে মিঠাপুকুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে প্রণোদনার বীজ ও সার তুলে দেন অধ্যাপক গোলাম রব্বানী। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান শিমুল।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের নির্বাচিত ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে সরকারিভাবে বিনামূল্যে উন্নত জাতের আমন ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উন্নতমানের বীজ ও প্রয়োজনীয় সার কৃষকদের হাতে পৌঁছে দেওয়ার ফলে আমনের আবাদ বৃদ্ধি পাবে এবং উৎপাদনও বাড়বে বলে আশা প্রকাশ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম রব্বানী বলেন, কৃষকদের উন্নয়ন ও কৃষি উৎপাদন বৃদ্ধিতে সরকার বিভিন্ন সহায়তামূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি সরকারি প্রণোদনার যথাযথ ব্যবহার নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।