মোঃ জিয়াউর রহমান
মফস্বল সম্পাদক রংপুর
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা এলাকায় জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে বাবা ও সৎ ভাইকে হত্যার অভিযোগ উঠেছে পরিবারেরই দুই সদস্যের বিরুদ্ধে। মর্মান্তিক এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চাম্পাতলী ইউনিয়নের উত্তর পলাশবাড়ি গ্রামে দীর্ঘদিন ধরে জমির ভাগ-বাটোয়ারা নিয়ে একটি পরিবারের মধ্যে বিরোধ চলছিল। বিরোধের জেরে এক পর্যায়ে পরিবারের ছোট দুই ভাইয়ের সঙ্গে তাদের বাবা ও সৎ বড় ভাইয়ের তীব্র বাকবিতণ্ডা হয়। পরে পরিস্থিতি সংঘর্ষে রূপ নিলে ধারালো অস্ত্রের আঘাতে বাবা ও সৎ ভাই গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় বলে জানা গেছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনার তদন্ত শুরু করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের দাবি, পারিবারিক বিরোধ ও জমিজমা সংক্রান্ত দ্বন্দ্ব দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে, যা সামাজিক অস্থিরতার কারণ হয়ে দাঁড়াচ্ছে।
সচেতন মহল মনে করছে, পারিবারিক বিরোধ নিরসনে পারস্পরিক আলোচনা, সামাজিক মধ্যস্থতা ও আইনি সহায়তার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের উদ্যোগ বাড়ানো জরুরি। যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক প্রাণহানির ঘটনা আর না ঘটে।