মোঃ জিয়াউর রহমান প্রধান মফস্বল সম্পাদক দৈনিক বাংলা প্রতিদিন
রংপুর মহানগরীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) তাজহাট থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-এর সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গত ১৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা আনুমানিক ৭টা ৫৫ মিনিটে তাজহাট থানাধীন নগর মিরগঞ্জ থেকে দমদমাগামী সড়কের পাশে টায়ার ফ্যাক্টরির পূর্বদিকে সমরদিঘি এলাকায় একটি পরিত্যক্ত টিনশেড ঘরে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে সেখান থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ মঞ্জুরুল ইসলাম (৪৫), পিতা: মোঃ আব্দুল জলিল, সাং- তালুক তামপাট তেলীপাড়া, ওয়ার্ড নং-৩২, তাজহাট, রংপুর মহানগর এবং মোঃ তারিকুল ইসলাম (৩৫), পিতা: মৃত আজিজুল ইসলাম, সাং- বড়বাড়ী, ওয়ার্ড নং-৩২, তাজহাট, রংপুর মহানগর।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করে আলামত হিসেবে সংরক্ষণ করা হয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ বলেছে, মাদক, সন্ত্রাস ও সকল ধরনের অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে।