রফিকুল ইসলাম, উপজেলা প্রতিনিধি নাইক্ষ্যংছড়ি।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের বাসিন্দা মো. আজিজ খলিফা (৫০) অপহরণ ও নির্মম নির্যাতনের ঘটনার পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। শনিবার (২৩ মে) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাইশারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তুফান আলী পাড়ার মৃত আলী আকবরের ছেলে আজিজ খলিফা জমা রাখা প্রায় ৬ লাখ টাকা ফেরত চাইতে গিয়ে অপহরণের শিকার হন বলে অভিযোগ উঠেছে।
এদিকে অসুস্থ হয়ে পড়লে গত ২০ মে চিকিৎসার জন্য বাড়ি থেকে বের হন আজিজ খলিফা। অভিযোগ রয়েছে, বাইশারী বাজারের কাপড় ব্যবসায়ী উদয়ন তাকে কক্সবাজারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বের হওয়ার পরে অপহরণের শিকার হন বলে পরিবারের দাবি।
একপর্যায়ে দুর্বৃত্তরা তাকে মারধর করে অচেতন অবস্থায় কক্সবাজারের ঈদগাঁও ইসলামাবাদ রেল স্টেশনের পাশে হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে যায়। পরে সেনাবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।
পরবর্তীতে প্রথমে কক্সবাজার, এরপর চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা চলে। বাঁচানোর জন্য চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা চালালেও শেষ পর্যন্ত ২৩ মে তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় পরিবারের সদস্য ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা অভিযোগ করে বলেন, আজিজ খলিফার ওপর হামলা ও হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
স্থানীয়রা আরও দাবি করেন, যারা শুরু থেকেই ঘটনাটিকে “নাটক” বলে আখ্যায়িত করেছেন কিংবা প্রশাসনের কাছে প্রভাব খাটানোর চেষ্টা করেছেন, তাদের ভূমিকাও তদন্তের আওতায় আনা উচিত। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।