তালাত মাহামুদ, বিশেষ প্রতিনিধি, নরসিংদী
নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের নাগরিয়াকান্দি ব্রিজ সংলগ্ন এলাকায় বিভিন্ন পার্ক, হোটেল ও রেস্টুরেন্টে অসামাজিক ও অনৈতিক কার্যকলাপ প্রতিরোধে দিনব্যাপী সাঁড়াশি অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
গত ১৮ জুন ২০২৬ তারিখে নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব আসমা জাহান সরকারের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে সহযোগিতা করে মডেল থানা পুলিশ এবং ব্যাটালিয়ন আনসার বাহিনী। অভিযানের সময় বিভিন্ন পার্ক, হোটেল ও রেস্টুরেন্টে তল্লাশি চালিয়ে অসামাজিক ও অশ্লীল কার্যকলাপের প্রমাণ পাওয়া গেলে দণ্ডবিধি ১৮৬০-এর সংশ্লিষ্ট ধারায় একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
একই সঙ্গে অভিযানে প্রাপ্ত আলামত জব্দ করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থ ও সামাজিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে এলাকার সকল পার্ক, হোটেল ও রেস্টুরেন্ট মালিকদের যেকোনো ধরনের অনৈতিক, অসামাজিক ও অশ্লীল কার্যক্রম বন্ধ রাখার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। এছাড়াও শিক্ষার্থীদের সুশৃঙ্খল শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে স্কুল-কলেজ চলাকালীন সময়ে কোনো শিক্ষার্থী যেন ইউনিফর্ম পরিহিত অবস্থায় পার্ক, হোটেল বা রেস্টুরেন্টে অবস্থান না করে সে বিষয়ে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
এদিকে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি উপজেলা নির্বাহী অফিসার জনাব আসমা জাহান সরকার দামের ভাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত মা-সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে তিনি অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে পরিবার ও বিদ্যালয়ের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
পরে বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের অগ্রগতি পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়ক উপকরণ বিতরণ করেন। এ সময় তিনি শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের পাঠদানে অধিক মনোযোগী হওয়ার আহ্বান জানান।
স্থানীয় সচেতন মহল উপজেলা প্রশাসনের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমকে স্বাগত জানিয়ে সমাজে শৃঙ্খলা, নৈতিকতা ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণে এমন অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন ।