পীরগঞ্জে পুলিশ কর্মকর্তাকে গালিগালাজ, হু ম কি ও ধাক্কা দেওয়ার অভিযোগে যুবক গ্রেপ্তার
সায়েম আলী,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক পুলিশ কর্মকর্তাকে গালিগালাজ, প্রাণ নাশের হুমকি এবং ধাক্কা দিয়ে আহত করার অভিযোগে মমিনুর রশিদ (মামুন) (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, পীরগঞ্জ পূর্ব চৌরাস্তা এলাকায় বিশেষ চেকপোেস্ট চলাকালে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় তাকে থামানো হয়। এ সময় বৈধ কাগজপত্র প্রদর্শনে অনীহা ও অসহযোগিতামূলক আচরণের অভিযোগে তার বিরুদ্ধে সড়ক পরিবহন আইনে মামলা দেওয়া হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, পরে তিনি পুনরায় ঘটনাস্থলে এসে পুলিশ সদস্যদের উদ্দেশ্যে কুরুচিপূর্ণ মন্তব্য, গালিগালাজ ও এক পুলিশ কর্মকর্তাকে প্রাণনাশের হুমকি দেন।
একপর্যায়ে এসআই মো. শামিম আলমকে ধাক্কা দিলে তিনি আহত হন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় এসআই মো. শামিম আলম বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পরে অভিযুক্ত মমিনুর রশিদকে গ্রেপ্তার করে বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।