মোঃ জিয়াউর রহমান
প্রধান মফস্বল সম্পাদক
নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং সংশ্লিষ্ট আইন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ সরকারি বালিকা রোকেয়া স্মৃতি স্কুল এন্ড কলেজে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় নারীর অধিকার, সহিংসতার বিভিন্ন ধরন, আইনগত প্রতিকার এবং সামাজিক প্রতিরোধ ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা একটি সামাজিক ব্যাধি। এ ধরনের অপরাধ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), এসইআইপি (SEIP) প্রকল্পের প্রজেক্ট অফিসার এবং পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক হোসেন।
বক্তারা নারী ও কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি, আইনের যথাযথ প্রয়োগ এবং সামাজিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা শিক্ষার্থীদের যেকোনো ধরনের সহিংসতা, বাল্যবিবাহ বা হয়রানির ঘটনায় নীরব না থেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার আহ্বান জানান।
সভায় শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় জনপ্রতিনিধি, সমাজকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও আইন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির এই কর্মসূচির আয়োজন করে আন্তঃপ্রজন্মভিত্তিক অন্তর্ভুক্তিমূলক নারী আন্দোলন কোয়ালিশন টিম, রংপুর।