মোঃ ইবনে আলী সরকার স্টাফ রিপোর্টার নিলফামারী জেলা
মানবিকতা, দায়িত্ববোধ ও সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নীলফামারী সদর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দায়িত্বরত অঙ্গীভূত আনসার সদস্যরা। তাদের আন্তরিক প্রচেষ্টায় চিকিৎসাসেবা পেয়েছেন এক অসহায় ও অসুস্থ বৃদ্ধ, যাকে পরবর্তীতে পরিবারের সদস্যদের নিকট নিরাপদে হস্তান্তর করা হয়েছে।
গত ০৬ জুন ২০২৬ (শনিবার) সকাল আনুমানিক ১০:০০ ঘটিকায় হাসপাতালের প্রধান ফটকে দায়িত্বরত অঙ্গীভূত আনসার সদস্য মোঃ আরিফুল ইসলাম ও আনসার সদস্য মোঃ কামরুল ইসলাম একজন অসুস্থ ও অসহায় বৃদ্ধ ব্যক্তিকে পড়ে থাকতে দেখতে পান। আশপাশের লোকজনের নিকট খোঁজখবর নেওয়া হলেও কেউ তার পরিচয় সম্পর্কে নিশ্চিত তথ্য দিতে পারেননি। উপস্থিত কয়েকজন জানান, এক অটোরিকশা চালক তাকে সেখানে রেখে চলে যান।
বিষয়টি তাৎক্ষণিকভাবে প্লাটুন কমান্ডার (পিসি) মোঃ আমিনুর ইসলামকে অবহিত করা হলে তিনি দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে বৃদ্ধ ব্যক্তিকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে মেডিসিন ওয়ার্ডে স্থানান্তর করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে বৃদ্ধ ব্যক্তি নিজের পরিচয় প্রদান করেন। তিনি জানান, তার নাম আব্দুর রহিম, পিতা- আমানুল্লাহ, গ্রাম- পঞ্চপুকুর সদর, নীলফামারী। তিনি আরও জানান, তার ছেলে মোঃ আব্দুল খালেক তাকে শারীরিকভাবে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দিয়েছেন। এরপর বিভিন্ন স্থানে ঘোরাফেরার একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তবে তাকে হাসপাতালে কে বা কারা নিয়ে এসেছে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি।
চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী তার প্রয়োজনীয় প্যাথলজি পরীক্ষা ও এক্স-রে সম্পন্ন করা হয়। পাশাপাশি হাসপাতালের আনসার সদস্যরা মানবিক দায়িত্ববোধ থেকে নিজেদের উদ্যোগে নিয়মিত খাবার সরবরাহসহ তার সার্বিক পরিচর্যা ও সেবার ব্যবস্থা করেন।
পরবর্তীতে গত ০৮ জুন ২০২৬ তারিখে পঞ্চপুকুর সদর ইউনিয়নের সহকারী আনসার প্লাটুন কমান্ডার আবু সুফিয়ানের সহযোগিতায় বৃদ্ধ ব্যক্তির পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়। প্রথমে তার ছেলে মোঃ আব্দুল খালেকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পিতাকে বাড়িতে ফিরিয়ে নিতে অপারগতা প্রকাশ করেন। পরে তার মেয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পিতার দায়িত্ব গ্রহণে সম্মতি প্রদান করেন।
আজ ০৯ জুন ২০২৬ (মঙ্গলবার) সকাল ১০:০০ ঘটিকায় কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ ব্যক্তিকে হাসপাতাল থেকে রিলিজ প্রদান করেন। এ সময় তার মেয়ে, মেয়ের স্বামী ও নাতি জামাই হাসপাতালে উপস্থিত হন। আনসার সদস্যদের সহযোগিতায় বৃদ্ধ ব্যক্তিকে তাদের নিকট যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হয় এবং নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
এসময় বৃদ্ধ ব্যক্তির পরিবারের সদস্যরা আনসার সদস্যদের মানবিকতা, দায়িত্বশীলতা ও আন্তরিক সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে তারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।সঞ