তালাত মাহামুদ, বিশেষ প্রতিনিধি, নরসিংদী
“মাদকমুক্ত সমাজ গড়ি, সুস্থ-সুন্দর ভবিষ্যৎ গড়ি” এই প্রত্যয়কে সামনে রেখে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৬ উপলক্ষে নরসিংদীতে নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নরসিংদীর উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে জেলা প্রশাসন, জেলা তথ্য অফিস, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। র্যালির মাধ্যমে মাদকের ভয়াবহতা, সামাজিক অবক্ষয় এবং যুবসমাজকে মাদকের করালগ্রাস থেকে রক্ষার বিষয়ে জনসচেতনতা সৃষ্টির আহ্বান জানানো হয়।
এ সময় জেলা তথ্য অফিস, নরসিংদী কর্তৃক দিবসটির তাৎপর্য তুলে ধরে পিআইই (Public Interest Information and Education) কভারেজ পরিচালনা করা হয়। পাশাপাশি মাদকবিরোধী থিম সং প্রদর্শনের মাধ্যমে উপস্থিত জনসাধারণের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া হয়। থিম সংটিতে মাদকের ক্ষতিকর প্রভাব, পারিবারিক ও সামাজিক জীবনে এর নেতিবাচক প্রভাব এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সকলের সম্মিলিত অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।
আলোচকরা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এটি একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের উন্নয়নের পথেও বড় বাধা হয়ে দাঁড়ায়। তাই মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি, পারিবারিক মূল্যবোধের চর্চা এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও উল্লেখ করেন, মাদকবিরোধী আন্দোলনকে সফল করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
দিবসব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলতে হবে ।